১১২ বছর পর খুলে দেওয়া হলো ঐতিহাসিক কুচুক মসজিদ

ছবি: সংগৃহীত
দীর্ঘ ১১২ বছর অপেক্ষার পর আবারও মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে তুরস্কের ঐতিহাসিক কুচুক মসজিদ। উত্তরাঞ্চলের গুমুশহানে প্রদেশে অবস্থিত প্রাচীন এই মসজিদটি দীর্ঘদিন বন্ধ থাকার পর সংস্কার ও পুনর্নির্মাণ শেষে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।
সম্প্রতি মসজিদটিতে অনুষ্ঠিত হয়েছে প্রথম জুমার নামাজ। এ সময় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। প্রথম জুমার নামাজে ইমামতি করেন স্থানীয় মুফতি খায়রি আরনায়। বহু বছর পর ঐতিহাসিক এই মসজিদে আবারও আজানের ধ্বনি ও ইবাদতের পরিবেশ ফিরে আসায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে আনন্দের আবহ।
কুচুক মসজিদকে প্রায় এক হাজার বছরের পুরোনো স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। সেলজুক যুগের অনন্য স্থাপত্যশৈলীর এই মসজিদটি তুরস্কের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। সংস্কারের সময় মসজিদের পুরোনো নকশা, কাঠামো ও ঐতিহাসিক বৈশিষ্ট্য সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
জানা যায়, ১৯১৪ সালের পর বিভিন্ন কারণে মসজিদটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় এটি ব্যবহারহীন অবস্থায় পড়ে ছিল। পরে ২০০৫ সালে তুরস্কের ফাউন্ডেশনস জেনারেল ডিরেক্টরেটের উদ্যোগে এর সংস্কার কাজ শুরু হয়।
প্রায় ২০ বছর ধরে চলা সংস্কারকাজ শেষে ২০২৫ সালে মসজিদটি নতুন রূপ পায়। অবশেষে ১১২ বছরের বিরতি কাটিয়ে ২০২৬ সালে আবারও মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হলো ঐতিহাসিক কুচুক মসজিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মুফতি খায়রি আরনায় বলেন, “এত দীর্ঘ সময় পর মসজিদটি আবার ইবাদতের জন্য খুলে দেওয়া আমাদের জন্য আনন্দের বিষয়। আশা করছি, এটি এখন থেকে নিয়মিত নামাজ ও ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।”